
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে হঠাৎ পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘ দেড় বছরের বেশি সময় দায়িত্ব পালন করা আমের খানকে সরিয়ে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাফুফের সদস্য ও মোহামেডানের কর্মকর্তা আমিরুল ইসলাম বাবুকে।
মঙ্গলবার রাতে ফিফা আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। ক্যাম্পের তৃতীয় দিনের বিকেলেই হঠাৎ জাতীয় দলের ম্যানেজারিয়াল প্যানেলে পরিবর্তন আনা হয়।
জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আমিরুল ইসলাম বাবু কাজী সালাউদ্দিনের সময়ে প্রায় এক দশক নারী জাতীয় দলের সিনিয়র ও জুনিয়র দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুরুষ জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবেও একাধিকবার কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে, আমের খানকে জাতীয় দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। তাকে জাতীয় দলের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সদস্য ইকবাল হোসেনকে টিম লিডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে আমের খানকে ম্যানেজারের পদ থেকে সরানোর বিষয়ে বাফুফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।